চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। মিয়ানমারের কাছে মঙ্গলবার ১-০ গোলে পরাজিত হয় লাল-সবুজরা। গতকাল আরেক প্রতিবেশী দেশ ভারতের কাছেও একই ব্যবধানে হেরেছে তারা। এদিন নেপালের কাঠমান্ডুতে চলমান অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
হাংজুর এক্সএসসি স্টেডিয়ামে গতকাল স্থানীয় সময় বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ দল দারুণ খেলেও জয় পায়নি। ভারতকে একাধিক আক্রমণ থেকে বাঁচিয়েছেন গোলকিপার ধীরাজ সিং। বাংলাদেশ যতবার আক্রমণ করেছে ততবারই দক্ষতার সঙ্গে আটকে দিয়েছেন এই গোলকিপার।
৭৭ মিনিটে নিশ্চিত গোল থেকে ভারতকে বাঁচান গোলকিপার ধীরাজ। জনি বক্সের ভেতরে বল পান, তখন ভারতের ডিফেন্ডাররা কেউ সেখানে ছিলেন না। ধীরাজ বডি ছুড়ে বল আটকে দেন। একক দক্ষতায় তিনি গোল বাঁচান।
৮৪ মিনিটে পেনাল্টি পায় ভারত। বাংলাদেশের অধিনায়ক রহমত মিয়া ভারতের ব্রেসিকে বক্সের মধ্যে ফাউল করেন। পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। ম্যাচের শেষ মুহূর্তে এগিয়ে যায় ভারত। এরপর আর গোল হয়নি। বাংলাদেশ আক্রমণ করলেও তা কার্যকর হয়নি। আগের ম্যাচে বাংলাদেশ হেরেছিল আত্মঘাতী গোলে।
আগের ম্যাচে ভারত ৫-১ গোলে বিধ্বস্ত হয় চীনের কাছে। তাই গতকালের জয়টি তাদের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর গতকালের পরাজয়ে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল। গতকাল সন্ধ্যায় ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে মিয়ানমারকে ৪-০ গোলে হারায় চীন।










