নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় মো. আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) দ্রুতগতিতে ইজিবাইক চালানোর সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় চালক শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক মো. ইয়াসিন আরাফাত সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পুলিশ জানায়, নিহত শিশুর পরিবার মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।