দীর্ঘ ২৭ দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল খোলা ও একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেয়া হবে। মঙ্গলবার থেকে অনলাইনে চলবে সব বিভাগের ক্লাস। এছাড়া সরকারি কোন নির্দেশনা না এলে আগামী ২২ জানুয়ারি থেকে স্বশরীরে ক্লাস শুরু হবে।

আজ রোববার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

আজ সকাল থেকে নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। 

এর আগে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে শাবিপ্রবিতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী তাদের সব দাবি মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেয়ায় তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেয়া হলো। পরে আজ থেকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি তিন দফা দাবি আদায়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে উপাচার্যকে বের করে আনে। এরপর আর কার্যালয়ে আসেননি উপাচার্য। নিজ বাসভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি।পরে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন।