নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে জ্বালানি হিসেবে ব্যবহূত ৩৮০ লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে লোকমানপুর রেলস্টেশন এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে এসব চোরাই তেল উদ্ধার করা হয়। এ সময় ট্রেন থেকে জ্বালানি তেল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহীন (২২), মৃত টেনু আলীর ছেলে রাজিব (২০) এবং সোনা আলীর ছেলে আনোয়ার হোসেন (২০)।
পুলিশ জানায়, এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাগাতিপাড়ার লোকমানপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে পলিথিনে মোড়ানো বস্তায় প্রায় ৩৮০ লিটার ডিজেল উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।










