ভারতের রাজধানী নয়াদিল্লিতে হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গতকাল সোমবার নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এরপরই দেশটির কিছু গণমাধ্যমে বলা হয়, পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলার পরিকল্পনা করেছেন।

এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘অবিশ্বাস্য’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ ধরনের খবর বিশ্বাস করার কোনো কারণ নেই। সেখানে (ভারতে) যা-ই ঘটুক, গণমাধ্যম আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু এ কথা বিশ্বাস করার মতো কোনো যুক্তি নেই। কোনো বুদ্ধিমান মানুষই এসব বিশ্বাস করবে না।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে গতকাল এক গাড়ি বিস্ফোরণে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন।

শোকবার্তায় বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনের সব সদস্য নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এতে বলা হয়, এ মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা। এ দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।