দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও উপসর্গে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫ জন। আর এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৫০ জন, চট্টগ্রামে ২৬৬, সিলেটে ১৬২, বরিশালে ১০০, খুলনায় ১০৫, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ১৩ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১৭৩ জন। এছাড়া রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৩ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছেন।










