বগুড়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মরত উপ পরিচালক (ডিডি) আবুল কাশেম আযাদ (৫৮)। 

আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আবুল কাশেম আযাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালোম ইউনিয়নের উপোর সিলোট গ্রামে।

বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, আবুল কাশেম আযাদের স্ত্রী ময়মনসিংহের একটি বেসরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তার পরিবার বসবাস করতেন ময়মনসিংহে। কয়েক মাস আগে আবুল কাশেম আযাদ বগুড়ায় যোগদান করেন। তার পরিবার থাকতেন ময়মনসিংহেই। বগুড়ায় কর্মরত অবস্থায় কভিডের উপসর্গ দেখা দিলে ২২ জুন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দেন ও ২৩ জুন রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে। 

এনামুল হক আরো জানান, পরিবার ময়মনসিংহে থাকায় ওই দিন সন্ধ্যায় একটি অ্যাম্বুলেন্সে তাকে ময়মনসিংহে পাঠানো হয়। তার শ্বাসকষ্ট হলে ২৭ জুন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গত শনিবারও তিনি সেলফোনে সারিয়াকান্দির কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বন্যা কৃষি পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। আজ বেলা সোয়া ১১টার দিকে মারা গেলেন।