বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয়া বাংলাদেশ আজ পড়বে অগ্নিপরীক্ষার মুখে। দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচে টাইগাররা আজ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

গত শুক্রবার গুয়াহাটিতে প্রথম ওয়ার্মআপ ম্যাচে লংকানদের ৭ উইকেটে হারায় টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.১ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। রান তাড়া করতে নেমে ৪৮ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাকিববিহীন বাংলাদেশ। ম্যাচে দলগত নৈপুণ্যে জয় পায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরা সবাই রান পেয়েছেন। বোলিং ইউনিটও ভালো করে।

গুয়াহাটিতে আজ বাংলাদেশ-ইংল্যান্ডের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা আছে। তবে বৃষ্টি না হলে গরম ভোগাবে ক্রিকেটারদের। গরমের কথা চিন্তা করে ইংল্যান্ডের বিপক্ষে আজ ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। লিটন দাস ও তানজিদ তামিম বিশ্রাম পেতে পারেন। শ্রীলংকা ম্যাচে দুজনের পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তাদের আজ বিশ্রাম দেয়া হতে পারে। 

প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।

এদিকে, আজ কেরালার থিরুভানান্থাপুরামে ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে আফগানিস্তানের সঙ্গে প্রোটিয়াদের প্রথম ওয়ার্মআপ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।