অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে নাটোরে রোদেলা পরিবহনের চালক এবং সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। এ সময় বাসটিও জব্দ করা হয়।
নাটোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন জানান, রোদেলা পরিবহন নামে একটি বাস রাজশাহী থেকে নাটোর পর্যন্ত যাত্রী পরিবহন করে। কিন্তু বাসের চালক ও সুপারভাইজার যাত্রী ওঠানোর সময় বগুড়া যাওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বাসের সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে বাসে থাকা যাত্রীরা পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেন। বাসটি নাটোরে এসে পৌঁছানোর পর বগুড়া না গিয়ে যাত্রী নামিয়ে দেয়। পরে বাসের চালক শাহিন হোসেন ও সুপারভাইজার লিলেন হোসেনকে আটক করে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের মধ্যস্থতায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেন চালক ও সুপারভাইজার।










