রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত দেহরক্ষী ধীমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোরে জেলার বাঘাইছড়ি উপজেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধীমান চাকমা ছুটিতে বাঘাইছড়ির নিজ বাড়িতে গিয়েছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধীমান চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী হিসেবে কাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় তিনি ছুটিতে বাড়িতে আসেন। রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়ি এসে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বছরখানেক আগে তিনি সন্তু লারমার নেতৃত্বাধনি জনসংহতি সমিতি (জেএসএস) থেকে পদত্যাগ করে জনসংহতি সমিতি (এমএনলারমা) দলে যোগদান করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানায়, ‘আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহত ব্যক্তি জেএসএস (এমএনলারমা) দলের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চত হওয়া যায়নি।’










