শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনার পর আজ বিকেল সাড়ে ৫টায় নতুন পদক্ষেপ নিয়ে বৈঠকে বসেন তারা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলন প্রত্যাহার করা হলেও শিক্ষার্থীদের আশা, তাদের মূল দাবিসহ অন্যান্য সব দাবি শিক্ষামন্ত্রীর আশ্বাস অনুযায়ী বাস্তবায়ন হবে। একই সঙ্গে বর্তমান দায়িত্ব প্রাপ্ত প্রক্টর ইশরাত ইসমাইল, শফিউল ইসলাম ও মাজহার মজুমদারের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীকে যৌন হয়রানীর বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মোহাইমিনুল বাশার রাজ।

এর আগে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এক বিবৃতির মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

উপাচার্যের বিবৃতিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে এ অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি।

নিজ স্বাক্ষরিত বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের সব স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সিলেটের সুশীল সমাজের সবাইকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে মিডিয়া কর্মীদের যারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ।

গত ১৬ জানুয়ারি থেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শাবি শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গতকাল শুক্রবার সিলেট আসেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিকেলে মন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা ৮ দফা দাবি ও ১৩টি সুপারিশ করেন।

সবগুলো দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীদের মূল দাবি উপাচার্যের পদত্যাগ বা অপসারের বিষয়টি আচার্যকে অবহগিত করবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

এরপর রাতে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বিকেল পর্যন্ত কর্মসূচী স্থগিতের ঘোষণা দেয়। এ সময় তারা বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে বলে জানান। সে অনুসারে আজ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।