উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। চলমান এ আন্দোলনের মাঝেই স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়ার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া আজ শনিবার উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনাসম্পন্ন হয়েছে। তবে ভিসি ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে এখনো পুলিশ মোতায়ন রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শুক্রবার রাতে উপাচার্যের পদত্যাগের দাবিতে অহিংস আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে 'হীরক ভিসির পতনগাঁথা' শীর্ষক প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ বিতর্ক প্রতিযোগিতায় ৭ শিক্ষার্থী অংশ নেন। এসময় উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করেন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে তথ্য জানা গেছে, স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়ার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। সময়সূচিতে ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে র‌্যাংকিং ১৯৫৬ থেকে ২৫৫৫ পর্যন্ত, দুপুর ১টায় একই ইউনিটের ২৫৫৬ থেকে ২৯৫৫ পর্যন্ত ও এ-২ ইউনিটের ৩৫ থেকে ৩৬ পর্যন্ত র্যাং কিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ৫২১ থেকে ৮২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ১৬৪ থেকে ২৬৩ পর্যন্ত ও দুপুর ১টায় মানবিক বিভাগের ৭০০ থেকে ৯৭৪ পর্যন্ত র‌্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

গত ৪ জানুয়ারি থেকে ২০২০-২০২১ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় ভর্তি করানো হয়। কিন্তু প্রথম দফায় ভর্তির জন্য পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় দফায় ভর্তি অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ ও ২৬ জানুয়ারি তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে ভর্তি কমিটি।



অন্যদিকে শনিবার উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা সম্পন্ন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পালিত হয়েছে। সকাল থেকে মণ্ডপগুলোতে পূজায় অংশ নিতে ভিড় জমান সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা। পূজা উপলক্ষে একাডেমিক ভবনগুলোর সামনে স্থাপন করা হয়েছে সরস্বতী প্রতিমা। হিন্দু শিক্ষার্থীদের আয়োজনে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।


প্রসঙ্গত, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হয়।ফলে আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। ২৬ জানুয়ারি ভোর ৪টার দিকে জাফর ইকবাল দম্পতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য অনুরোধ করেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাদের ডাকে সাড়া দিয়ে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে অনশন ভাঙেন। দাবি মানার আশ্বাসের পর থেকে শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসলেও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।