বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সোনালী ব্যাংক শাখার দুই কর্মকর্তাকে ছুরিকাঘাতে আহত করে ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনার পর আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে। 

পুলিশ জানিয়েছে, সকালে ওই শাখার ম্যানেজার মতিউর রহমান (৫০) ও সিনিয়র অফিসার আতাউর রহমান (৪৫) মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে নন্দীগ্রামে ব্যাংকে যাচ্ছিলেন। তারা বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর থানার জোড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে ভল্টের চাবি, টাকা ও সেলফোন নিয়ে যায়। ঘটনার পর নন্দীগ্রাম সোনালী ব্যাংকে প্রায় আধাঘণ্টা লেনদেন বন্ধ থাকার পর আবার চালু হয়। ব্যাংক চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ছুরিকাহত দু’জন ব্যাংক কর্মকর্তার অবস্থা উন্নতির দিকে। ঘটনার পর পরই দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান শুরু করেছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে।  

বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ম্যানেজার মতিউর রহমান জানান, দুর্বৃত্তরা হঠাৎ করেই পথ রোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলা করে এবং দুইজনের কাছ থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা, ভল্টের চাবিসহ ব্যাগ ও সেলফোন ছিনিয়ে নিয়ে পালায়।