ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। কোনো বড় ধরনের অপরাধের ঘটনা ঘটেনি বলে জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

রোববার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, রমজানজুড়ে পুলিশ সদস্যদের নিরলস প্রচেষ্টার ফলেই নগরবাসী নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছে।

তিনি জানান, ঈদের নামাজ শেষে দুপুর থেকেই রাজধানীর প্রধান বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ভিড় বেড়ে যায়। জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিলসহ বিভিন্ন পার্কে মানুষের উপস্থিতি ছিল বেশি। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব স্থানে সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন ছিল।

ঈদের ছুটিতে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ফাঁকা এলাকাগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ২০০টির বেশি পায়ে হাঁটা টহল দল কাজ করছে। পাশাপাশি ২৫০টি টহল গাড়ি এবং ৭০টির বেশি তল্লাশি চৌকি সক্রিয় রাখা হয়েছে। আগামী এক সপ্তাহ এ বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

বাসাবাড়ি ফাঁকা রেখে যারা বাইরে গেছেন, তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা। তিনি জানান, পরিচিতজন বা প্রতিবেশীদের মাধ্যমে নিয়মিত খোঁজ রাখা এবং সম্ভব হলে নজরদারি ক্যামেরা সচল রাখা প্রয়োজন। কোনো সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবায় যোগাযোগ করতে বলা হয়েছে।