সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট নিরসনের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। আজ সকালে ট্যাংক-লরি নিয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানিয়েছেন জ্বালানি তেল ব্যবসায়ী নেতারা।
‘সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল হোসেন আহমদ আলমগীর জানান, গত ২৪ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সঙ্গে জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এক সপ্তাহের জন্য সময়সীমা বেঁধে দেন সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীরা। কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় এবার জ্বালানি তেল ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, আমাদের আর কিছু করার নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আমরা বাধ্য হয়ে আজ থেকে সিলেটের রাস্তায় ট্যাংক-লরি দাঁড় করিয়ে বিক্ষোভ প্রদর্শন করব।
ট্রাকচালকদের সড়ক অবরোধ: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুমারগাঁও তেমুখি বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা। গতকাল ভোর থেকে থেকে ট্রাক এলোপাতাড়ি রেখে সড়কে প্রতিবন্ধকতা করে রাখেন। পরে সকাল সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে অফিস ও স্কুলগামী শিক্ষক-শিক্ষার্থীদের।
অবরোধকারী শ্রমিকরা জানান, সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালী থানা পুলিশ ওসমানী মেডিকেল কলেজের উন্নয়নকাজে মালামাল পরিবহনকারী ট্রাক আটকে চালককে মারধর করে। বিষয়টি শুনে শ্রমিক নেতা কালা মিয়া ঘটনাস্থলে গিয়ে সৃষ্ট সমস্যার সুরাহার চেষ্টা করলে তাকেও পুলিশ মারধর করে। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।










