আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা নিয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কর্মশালায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ‘নির্বাচন পরিচালনা-২ অধিশাখা’র উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে। এ কর্মশালায় প্রধান উপদেষ্টা অনলাইন ভিডিও প্লাটফর্মের মাধ্যমে যুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আলোচনায় মূল গুরুত্ব দেয়া হবে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো এবং বিভিন্ন সংস্থার মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়গুলোতে।

আরো বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদফতর/সংস্থার প্রধানরাসহ মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠেয় এ কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত দেবেন। এর মাধ্যমে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজে আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা নেয়া হবে।