বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের হবির মোড়ে বিআইএসআর নামের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত। এতে কারখানার কাঁচামাল, উৎপাদিত পণ্য, মেশিনপত্র ও অন্য আসবাবপত্রসহ প্রায় ২০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এমন দাবি কর্তৃপক্ষের।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে মরদেহ শনাক্ত করা যায়নি।

বগুড়ার আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে বগুড়া ও নওগাঁ জেলার বেশকিছু ইউনিট একযোগে প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইন্সপেক্টর রুহুল আমিন জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত কারখানায় গিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পরে সেখানে নওগাঁ ও বগুড়া থেকে আলাদা ইউনিট এসে একযোগে কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভানোর পর কারখানার ভেতরে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়ভাবে জানা যায়, সান্তাহারের হবির মোড়ের বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় ওয়ান টাইম প্লেট, গ্লাস, বাটি তৈরি হতো। 

বগুড়া ফায়ার সার্ভিসের এডি আবদুল মালেক বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের বগুড়া ও নওগাঁর ১৩টি ইউনিট কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।