দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানীকৃত পণ্যবোঝাই তিনটি ট্রাক থেকে ভারতীয় ১১৬ বোতল ফেনসিডিল ও ৮৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় পণ্যসহ ট্রাকগুলো জব্দ করা হয়। চালক ও সহকারীকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ। রোববার রাতে হিলি স্থলবন্দরের ভেতর আমদানীকৃত পণ্য নিয়ে বের হওয়ার সময় ওই তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ বলেন, আমার ধারণা এগুলো চোরাকারবারীরা এনে ট্রাকের মধ্যে ঢুকিয়েছে। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) স্থানীয় কার্যালয় থেকে আমরা একটি ম্যাসেজ পাই। এরই আলোকে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসহ আমরা সন্ধ্যা থেকে অভিযান শুরু করি।

 উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল রয়েছে ১১৬ বোতল, হুইস্কি মদ ৬৯ প্যাকেট, বিভিন্ন ব্রান্ডের ১৪ বোতল বিদেশী মদও উদ্ধার করা হয়েছে। ট্রাকগুলোর চালক ও সহকারীকে পাওয়া যায়নি। এ বিষয়ে কাস্টমস অ্যাক্ট আইনে মামলা করা হবে।