বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী। গতকাল দুপুরে শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের দুলাল ফকিরের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে বাল্যবিবাহের খবর পেয়ে গতকাল দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল ফকিরের মেয়ে ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর নিয়মিত ছাত্রী তারিন আক্তারের (১৬) বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়। বাল্যবিবাহের আয়োজন করায় ওই পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই শিক্ষার্থীর বাবা দুলাল ফকির বলেন, দক্ষিণ রাজাপুর গ্রামের জানেরখালপাড় এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে রফিক হাওলাদারের সঙ্গে আমার মেয়ে তারিনের বিয়ে ঠিক হয়। কিন্তু প্রশাসন বিয়ে বন্ধ করে দেয়। করোনাকালে এমনিতেই নানা সমস্যায় আছি। মেয়েটার ১৮ বছর হতে মাত্র ১ বছর ৩ মাস বাকি ছিল। এর মধ্যে ছেলেটাও মোংলায় চাকরি করে। এ কারণে মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করছিলাম।










