বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নবনির্বাচিত সভাপতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও মহাসচিব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন (প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন) নির্বাহী কমিটির সদস্যরা।

গতকাল রোববার (২৫ আগস্ট) রাজধানীর বনানীতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) স্থায়ী কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এপিইউবির নবনির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদীনকে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অ্যাসোসিয়েশনের স্মারক প্রকাশনা ‘সংযোগ’ তাদের হাতে তুলে দেয়া হয়।

মতবিনিময় সভায় এপিইউবির নবনির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে, জনমত গঠনে এবং মিডিয়া সামলানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর সম্পাদনে জনসংযোগ কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি জনসংযোগ কর্মকর্তাদের পেশগত উন্নয়নে ট্রেনিং সেশনসহ আন্তর্জাতিক সেমিনার–সিম্পোজিয়ামে অংশগ্রহণে প্রয়োজনীয় সব ক্ষেত্রে এপিইউবির সহযোগিতা ও সমর্থন রাখার প্রতিশ্রুতি দেন।