ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। সব মিলিয়ে ডেঙ্গুতে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫-এ। তাদের মধ্যে ১২৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে ১৬৯ জন ভর্তি হয়েছে।

এর বাইরে ঢাকা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১০, খুলনা বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ৩, রংপুর বিভাগে ২ ও বরিশাল বিভাগে ৫ রোগী ভর্তি হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত ২ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিল। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিল ১ হাজার ৪৮২ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ৮২ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চে আক্রান্ত হয় ৩১১ জন, এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয় ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছে দুজন। মে মাসে আক্রান্ত হয় ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছে ১২ জন। জুনে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে আটজনের।

জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ১২ জনের। আগস্টে আক্রান্ত হয় ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। সেপ্টেম্বরের ২০ দিনে ৯ হাজার ৪২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে , মৃত্যু হয়েছে ৪১ জনের। এক মাসে আক্রান্ত ও মৃত্যুর এ সংখ্যা এ বছরের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।