মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন এমিরেটাস অধ্যাপক, সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। শনিবার বিকালে তার দাফন সম্পন্ন হয়।
এ সময় সৈয়দ মনজুরুল ইসলামের একমাত্র সন্তান শাফাক ইসলামসহ বন্ধু-স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন। তার ছাত্রদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন।
এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এবং ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক এ শিক্ষক, সাহিত্যিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুর খবরে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।










