চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ এ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন তিনি। গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।
সম্মেলনে ড. মাহ্দী আমিন বলেন, ছয় লাখের বেশি অকৃতকার্য বা প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেশকিছু সমন্বিত ও বহুমাত্রিক উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান, ভালো ব্যবসায়িক ধারণা থাকলে প্রাথমিক অর্থায়ন এবং বিদেশী ভাষা শিখিয়ে তিন-ছয় মাসের মধ্যে দেশ-বিদেশে সরাসরি কর্মসংস্থানের সুযোগ। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। এটি হয়তো চলতি বছর আয়োজন সম্ভব হবে না। তবে আগামী বছর থেকে আয়োজনের বিষয়ে সর্বোচ্চ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
সম্মেলনের উন্মুক্ত আলোচনায় চা বাগান, আদিবাসী, গৃহকর্মীর সন্তানসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং শিক্ষক, অভিভাবক, উন্নয়নকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরাও তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ সময় তিন মাসের মধ্যে এসএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা, এসএসসিতে অন্তত যারা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের কলেজে ভর্তির সুযোগ দেয়াসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা যদি যথাযথভাবে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, তাহলে প্রত্যাশিত শিখনফল অর্জনের সুযোগ বাড়বে। তবে শুধু শিক্ষার্থীর ফলাফল নয়, শিক্ষাদানের কার্যকারিতা ও শেখার পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ সবকিছু মিলিয়েই সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।
সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের কাউন্সিলের চেয়ারপারসন ও ব্র্যাক আইইডির নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, তরুণ লেখক ও মোটিভেশনার স্পিকার সাদাত হোসাইন, নিউজিল্যান্ড ডেইরির চিফ মার্কেটিং অফিসার আসিফ রউফ। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর নিশাত সুলতানা। এছাড়া অনুষ্ঠানের সূচনায় বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ।










