বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর শামীম আহম্মেদ (২৫) নামে এক দাদন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তিনি গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিজগ্রাম মধ্যপাড়ার শাহাদত হোসেনের ছেলে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ওই ইউনিয়নের সোনাকানিয়া বিলের কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়ার গাবতলী থানা পুলিশ জানায়, শামীম আহম্মেদ গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে দুর্গন্ধের উত্স খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন সোনাকানিয়া বিলের কচুরিপানার মধ্যে মরদহে দেখতে পান। শামীমের মামা মহিদুল সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। 

স্থানীয়রা জানান, শামীম আহম্মেদ এলাকায় দাদন ব্যবসা করতেন। এ নিয়ে এলাকায় অনেকের সঙ্গে তার বিরোধ ছিল।

বগুড়ার গাবতলী থানার বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে।