নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়ায় আদনান টাওয়ার নামে একটি সাত তলা ভবনের ৪ তলার ফ্ল্যাট বাসায় গ্যাসের আগুনে দগ্ধ পোশাক শ্রমিক মামুন(২৭) মারা গেছেন। 

আজ শুক্রবার সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান।

বাচ্চু মিয়া জানান, মামুনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পারভেজের শরীরের ১০০ শতাংশ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ রয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে যাওয়া আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, ওই বাসায় গ্যাসের কোনো সিলিন্ডার ছিল না, তবে গ্যাসের চুলা ছিল। চুলা থেকেই গ্যাস লিকেজ হয়ে ফ্ল্যাট বাসায় আগুন লাগতে পারে। তদন্ত না করে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কারণ বলা যাবে না।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাত তলা ভবনের চার তলার ফ্ল্যাট বাসায় বিদ্যুৎ সুইচ অন করতে গেলেই আকস্মিকভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। আগুনে আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেল নামের প্রতিষ্ঠানের তিন শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।