আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ১৬ নভেম্বর রোববার পড়েছে। বিশ্বের অনেক দেশে এটি সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রবাসীদের সুবিধা বিবেচনায় এখন আমরা ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছি। উদ্বোধনের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।
আখতার আহমেদ জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি। তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এবারের হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন, যা দীর্ঘদিনের একটি উদ্যোগ বাস্তবায়ন হবে।
নির্বাচন ভবনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। তাই সবাইকে সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। আরপিও’র ধারাবাহিকতায় সংশোধনের আবেদন মঞ্জুর করা হলেও, আপিলের বিষয়টি আইন অনুযায়ী কমিশন বিবেচনা করবে। কেউ যদি কোনো সময় পুনর্বিবেচনার আবেদন করেন, সেটিও গ্রহণযোগ্য।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইসি সচিব জানান, নির্বাচন কমিশন সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমরা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণবিধিমালার গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। গেজেটটি প্রকাশ পেলেই আমরা সংলাপের সময়সূচি চূড়ান্ত করব।










