নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিতে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুতে নিহতের ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি বলেছেন, বিএনপি নেতা কর্মীদের ছোড়া গুলি ও ঢিলে শাওন নিহত হয়েছেন। তবে জেলা বিএনপির সদস্য সচিব দাবি করেছেন, পুলিশই এ এজাহার লিখেছে। নিহত শাওনের ভাইকে জোর করে পুলিশের লেখা এজাহারে সাক্ষর করতে বাধ্য করা হয়েছে। 

নারায়ণগঞ্জ থানায় দায়ের করা এ হত্যা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শাওনের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, শাওন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ছোড়া ইট ও আগ্নেয়াস্ত্রের গুলিতে গুরুতর জখম হয়ে শাওন মারা যান। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আরো অভিযোগ করা হয়, শাওন নবীনগর এলাকার একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গতকাল সকালে শাওন ওয়ার্কসশপের মালামাল কেনার জন্য বাসা থেকে বের হয়ে শহরের উদ্দেশে রওনা দেন। বেলা একটার দিকে শাওনের ভাই মিলন মুঠোফোনে খবর পান, শাওনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। পরে মিলন হাসপাতাল গিয়ে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে মিলন মামলার এজাহারে উল্লেখ করেছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫ হাজারের বেশি নেতা-কর্মী ইটপাটকেল ও লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় মিছিল করে। এসময় তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটায়। শাওন দুপুর পৌনে ১২টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইটপাটকেল ছোড়েন, ককটেল বিষ্ফোরণ করে। এরপর অবৈধ অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করতে থাকলে ওই ইটপাটকেল ও অবৈধ অস্ত্রের গুলি শাওনের মাথায় ও বুকে লাগে। পরে গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান শাওন। রাস্তায় থাকা লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আজ সকালে মামলার বাদী মিলনের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, তার ভাইকে যারা হত্যা করেছেন, তিনি তাদের বিচার চান। তার অন্য ভাই বোনও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এ মামলার প্রতিক্রিয়ায় বলেন, মামলার এজাহার আমার নজরে এসেছে। ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটেছে। বিএনপি নেতা কর্মীদের কাছে কোনো অস্ত্র ছিল না। পুলিশের গুলিতেই যুবদল কর্মী শাওন নিহত হয়েছে। মামলার এজাহারটি পুলিশ লিখেছে। গত বৃহস্পতিবার রাতে নিহত শাওনের ভাই মিলনকে ছয় ঘণ্টা আটকে রেখে পুলিশ তাদের লেখা এজাহারে জোর করে সাক্ষর করতে বাধ্য করেছে। 

এর আগে গতকাল রাত সোয়া একটার দিকে কড়া পুলিশি পাহারায় নবীনগর কবরস্থানে শাওনের লাশ দাফন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিপুলসংখ্যক পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের উপস্থিতিতে নিহত শাওনের বড় ভাই মিলন ও মামা মোতাহার হোসেনের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। পরে পুলিশ ও জেলা ডিবি পুলিশের পাহারায় শাওনের লাশ বাড়িতে নেয়া হয়। লাশ হস্তান্তরের পৌনে এক ঘণ্টার মধ্যে তড়িঘড়ি করে শাওনের লাশ দাফন করা হয়।