অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ২০০৯ হতে ২০২৪ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

রোববার (১০ আগস্ট) অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মাধ্যমে এই নিরীক্ষা করার নির্দেশ দিয়ে পরিদপ্তরের পরিচালককে চিঠি পাঠিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের অ্যালোকেশন অব ফ্যাংশনস-এর অনুচ্ছেদ ২ এর এ, বি, সি, ডি ধারা, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কর্মকর্তাদের চার্টার অব ডিউটিস এবং চলতি বছরের ২৩ এপ্রিল অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জনস্বার্থে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে কার্যপরিধি অনুসরণ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ ইত্যাদিসহ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো।

কার্যপরিধি বা অনুসরণীয় বিষয় সম্পর্কে চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করবে। সে মোতাবেক নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও এ সংক্রান্ত বিধি বিধানের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। নিরীক্ষা পরিচালনার লক্ষ্যে নিরীক্ষার পূর্বে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য (নাম, পদবী, মোবাইল নম্বর ইত্যাদি) মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এ বিষয়ে আরো বলা হয়, নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত রাখতে হবে। তিন মাসের মধ্যে এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর দাখিল করবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।