বরিশালে ২৪ ঘণ্টায় নতুন করে ১০ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর বাইরে আরো দুজনসহ জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ পুলিশ সদস্যের সবাই কনস্টেবল এবং বরিশাল পুলিশ লাইনে কর্মরত। তাদের মধ্যে একজন নারী (২২)। বাকি নয়জন পুরুষ এবং তাদের বয়স- ৫৫, ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১ ও ১৯)। 

বাকি দুই জনের একজন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা, বয়স (৩৫); অপরজন বরিশাল নগরীর বাসিন্দা, বয়স (৪২)। তার উভয়েই পুরুষ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। 

সূত্র জানিয়েছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বৃহস্পতিবার বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের রিপোর্ট পজেটিভ আসে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১২ জনকে নিজ নিজ অবস্থানেই কোয়ারেন্টিন করা হয়েছে। 

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলায় ২৫ জন নারী এবং ৪৬ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৫১ জন এবং ৫০ ও এর বেশি বয়সী আছেন ১৩ জন।