ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নামছে বাংলাদেশ। যদিও সামনে হিমালয়সম বাধা। প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে স্রেফ উড়ে যাওয়া ইংলিশরা যেন আহত বাঘ। ঘুরে দাঁড়াতে মরিয়া জস বাটলারদের তারকায় ঠাসা এ দলকে হারানোর চ্যালেঞ্জ নিয়েই আজ ধর্মশালায় খেলতে নামছে উজ্জীবিত সাকিব আল হাসানের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।  

বিশ্বের অন্যতম সেরা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বৈশ্বিক আসরে বাংলাদেশ-ইংল্যান্ড সমানে সমান। এখন পর্যন্ত চারবারের মোকাবেলায় বাংলাদেশ দুবার ও ইংল্যান্ড দুবার জিতেছে। 

বিশ্বকাপে দুই দলের প্রথম দেখা ২০০৭ সালে। সেবার বাংলাদেশকে ৪ উইকেটে হারায় ইংলিশরা। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডকে ২ উইকেটে হারায় টাইগাররা। বাংলাদেশের ঘূর্ণি বলের মুখে ২২৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পরে ইমরুল কায়েস, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাট ভর করে জয় পায় বাংলাদেশ। 

২০১৫ সালে অ্যাডিলেডে মাহমুদউল্লাহর বীরত্বপূর্ণ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ১৫ রানে হারানোর কৃতিত্ব দেখায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল। সেবার ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। আর টাইগারদের কাছে হেরে বিদায় নেয় ইংলিশরা। 

চার বছর আগে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বাংলাদেশকে ১০৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। জেসন রয়ের ১৫৩ রানে ভর করে ৩৮৬ রানের সৌধ গড়ে স্বাগতিকরা। জবাবে সাকিব আল হাসানের ১২১ রানের ক্ল্যাসিক ইনিংসও জেতাতে পারেনি বাংলাদেশকে। ইংলিশরা ওই আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, আর বাংলাদেশ রাউন্ড রবিন লিগ পর্ব থেকে বিদায় নেয়। 

এবারের আসরে শুভসূচনা পেয়েছে সাকিবের দল। বিপরীতে ইংলিশরা হেরেছে। আবার বিশ্বকাপের রেকর্ডে বাংলাদেশ পিছিয়ে নেই। এই বিবেচনায় আজ ইংল্যান্ডের জন্য বাংলাদেশ হুমকি হতে পারে কিনা? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ড দলনায়ক জস বাটলার বলেন, ‘না, না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। হ্যাঁ, ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’

চলতি আসরে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বাজে সূচনা হয় ইংলিশদের। আর বাংলাদেশ প্রথম ম্যাচেই আফগানিস্তানকে হারায় ৬ উইকেটে। এ নিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘দুই দলেরই মাত্র একটা করে ম্যাচ শেষ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে গত ম্যাচের চেয়ে আমরা ভালো দল। আগামীকাল ভালো খেলার অপেক্ষায় আছি।’

সাকিব ও মেহেদী মিরাজের ঘূর্ণিতে ভর করে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের সফল স্পিন আক্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গতকাল সংবাদ সম্মেলনে দলটির স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘সত্যি বললে, দশে দশ। তারা পিচটা খুব ভালোভাবে পড়েছে। এরপর তারা বিশ্লেষণ করেছে কোন লাইন ও লেংথে তাদের বোলিং করতে হবে। এছাড়া তারা খুব আক্রমণাত্মক ফিল্ডিংও সাজিয়েছিল। নিজেদের স্কিলের বাইরেও তারা পিচ খুব ভালোভাবে পড়েছে। এরপর ওই পরিস্থিতি অনুযায়ী তারা বোলিং করেছে।’

তবে ম্যাচের আগে আলোচনায় ধর্মশালার আউটফিল্ড। ঘাসের নিচে বালির স্তর কিংবা কোথাও দৃশ্যমান হয়ে পড়া বালি নিয়ে চিন্তিত দুই দল। ইংলিশ খেলোয়াড়রা তো ম্যাচের আগের দিনও এ আউটফিল্ডে অনুশীলন করেনি। বাংলাদেশ ম্যাচে আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান ফিল্ডিং করার সময় পড়ে গেলে তার হাঁটু বালির মধ্যে দেবে যায়, এর ভিডিও ভাইরাল হয়। মুজিব বড় ইনজুরি থেকে বেঁচে গেলেও কোচ জোনাথন ট্রট আউটফিল্ডের সমালোচনা করেন।

এ নিয়ে ইংল্যান্ড দলনায়ক জস বাটলার বলেছেন, ‘দুই দলের কেউ ইনজুরিতে না পড়েন, এখন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আমার মতে এটা বাজে। ফিল্ডার হিসেবে আপনাকে খুব স্মার্ট হতে হবে, আর সতর্কও থাকতে হবে। কিন্তু আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন কিন্তু এটা আপনি করবেন না। আপনি তো ঝাঁপ দেবেন ও চেষ্টা করবেন প্রতিটি সিঙ্গেল রানও বাঁচাতে।’

টুর্নামেন্টের কর্মকর্তারা রোববার ভেন্যু পরিদর্শন করেছেন এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এখানে কোনো শঙ্কা দেখেন না। 

গত মার্চে এ ভেন্যুতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে খারাপ আউটফিল্ডের কারণে তা বাতিল হয়ে যায়। 

ধর্মশালায় এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ কতটা স্বস্তিদায়ক? এমন প্রশ্নের জবাবে বাটলার যা বলেছেন তার মানে হলো, অস্বস্তি থাকলেও কিছু করার নেই। আইসিসি ছাড়পত্র দেয়ায় এখন সেখানে তাদের মানিয়ে নিতে হবে আরকি। 

হেরাথ তার ক্যারিয়ারের কোনো টুর্নামেন্ট বা সিরিজ শুরুর দিকে এমন আউটফিল্ড দেখেননি বলে জানিয়েছেন। তবে বাটলার, হেরাথ দুজনই বলেছেন, আইসিসি খেলার জন্য ছাড়পত্র দেয়ায় এ মাঠে তাদের মানিয়ে নিতে হবে।

আজ বাংলাদেশ দলের করণীয় নিয়ে হেরাথ বলেন, ‘তারা গত ম্যাচে ভালো করেছে। কাজেই আমরা তাদের বলেছি শতভাগ দিতে। তাতে আউটফিল্ড যেমনই হোক না কেন।’

ইংলিশদের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ফেভারিট হিসেবে নেমেও তারা নিউজিল্যান্ডের কাছে হেরে বসেছে। এখন তারা ১০ দলের আসরে টেবিলের তলানিতে অবস্থান করছে। বাটলার বলেন, ‘জানি, গত ম্যাচে আমরা মোটেও ভালো খেলিনি। তাই এখন ব্যক্তিগত ও দলগতভাবে নিজেদের কাজটা ঠিকঠাক করতে উদগ্রীব আমরা। দলের মধ্যে পারফর্ম করার ক্ষুধা প্রচণ্ড এবং আমরা মাঠে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বাটলার জানান, বেন স্টোকস আজ সম্ভবত খেলবেন না। নিউজিল্যান্ড ম্যাচেও তিনি খেলেননি। হিপ ইনজুরি থেকে সেরে উঠছেন ২০১৯ সালের বিশ্বকাপ জয়ের এ নায়ক। বাটলার বলেন, ‘তাকে নেটে ফিরতে দেখে ও পূর্ণ ফিটনেস ফিরে পেতে দেখে ভালো লাগছে। যদিও সম্ভবত আগামীকাল সে খেলবে না।’

অবসর ভেঙে ইংল্যান্ডের বিশ্বকাপের দলে ফেরা স্টোকস হিপ ইনজুরিতে পড়েছেন, যা থেকে তিনি প্রায় সেরে ওঠার পথে। তবে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে টুর্নামেন্টের শুরুর দিকেই ঝুঁকি নিতে চায় না। সঙ্গে যোগ হয়েছে ধর্মশালার ঝুঁকিপূর্ণ আউটফিল্ড ইস্যু।