বাগেরহাটের মোরেলগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উপজেলার মোহনপুর এলাকার সোহবান মীর (৫২) ও তার ছেলে আজিজুল মীরকে (১৯) কুপিয়ে জখম করেছে দুই বখাটে। গুরুতর আহত বাবা-ছেলে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোহবান মীরের স্ত্রী তানজিলা বেগম বলেন, আমাদের প্রতিবেশী বাবুল শিকদারের দুই ছেলে ফেরদাউস ও ইব্রাহিম শিকদার কয়েক বছর ধরে আমার মেয়েদের উত্যক্ত করে আসছে। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের ঝগড়া বিবাদ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্বামী ও ছেলে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিল ইফতারি করতে। এ সময় ফেরদাউস ও ইব্রাহিম আমার স্বামীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। ওদের কোপে আমার ছেলের পেট কেটে গেছে। আমার স্বামীর মাথাসহ বিভিন্ন স্থানে কুপিয়েছে তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় আমার স্বামী ও ছেলেকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজনেই এখন আইসিউতে রয়েছেন।

ইলিয়াস শেখ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, বাবুল শিকদারের দুই ছেলে ফেরদাউস ও ইব্রাহিম সন্ত্রাসী গোছের লোক। ইব্রাহিম একটি হত্যা মামলার আসামী। তাদের ভয়ে এলাকার কেউ কথা বলে না। শুধু সোহবান মীর ও তার ছেলে আজিজুল মীর নয়, এই দুই ভাই এলাকার অনেককে মারধর করেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারে না।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, একটি মারামারির ঘটনা শুনেছি। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।