আত্মগোপনে থাকা রাজশাহীর বাঘা উপচেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী গ্রেফতার হয়েছেন। গতকাল ভোরে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা রাজন আলী (৩০) নামের এক যুবকও গ্রেফতার হয়েছেন।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটা দল মেয়র মুক্তার আলীকে গ্রেফতারে ঈশ্বরদীর পাকশী এলাকায় রাতভর অভিযান চালায়। ওই অভিযানে এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ ও ডিবি ইন্সপেক্টর আতিক নেতৃত্ব দেন।

ভোর ৫টার দিকে গ্রেফতার হন পৌর মেয়র মুক্তার আলী। পরে তাকে নিয়ে তার আড়ানী পৌর এলাকায় পিয়াদাপাড়ার বাসায় অভিযানে যায় পুলিশ। সেখান থেকে চার বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা, ১ লাখ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর এলাকার জয়বাংলা মোড়ে কলেজ শিক্ষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা চালান মেয়র ও তার লোকজন। এতে স্ত্রী ও সন্তানসহ আহত হন ওই শিক্ষক। ওই রাতেই বাঘা থানায় মেয়রকে প্রধান আসামি করে অভিযোগ দেন ভুক্তভোগী। অভিযোগ পেয়ে পরে পৌর মেয়রকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।