প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর দুটি সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা।
শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এর প্রতিবাদে সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোড মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তা স্থগিত করায় তারা ভোগান্তিতে পড়েছেন।
এদিন সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার কথা। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল।
একাধিক পরীক্ষার্থীর তথ্য অনুযায়ী, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ ছড়িয়ে পড়ে। এদিন পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করে। দায়িত্বরত শিক্ষকরা উপস্থিত হলেও ১০ টা ৪৫ মিনিটে পরীক্ষা স্থগিত ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর।
এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান বণিক বার্তাকে বলেন, অনিবার্য কারণবশত পরিক্ষা স্থগিত করা হয়েছে। আমাদের মিটিং চলছে। দুই থেকে তিনদিনের মধ্যে পরর্বতী পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।










