বৈরী আবহাওয়ার কারণে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরে গিয়ে সেখানে অবতরণ করে।

বিমান সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৬০৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে সিলেটের আকাশে পৌঁছার পর বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বেশ কিছু সময় আকাশে চক্কর দিয়ে ফ্লাইটটি ফের ঢাকায় ফিরে যায়। সেখানে নিরাপদেই বিমানটি অবতরণ করে।

তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।