প্রায় ২২ বছর পর বাড়ি ফিরছেন আবু সাঈদ (৪৯)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। সরকারের বিশেষ ক্ষমায় মুক্তি পেলেন। আবু সাঈদ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাপুর এলাকার গয়ের আলীর ছেলে। করোনাকালে সারাদেশে সরকারের বিশেষ ক্ষমায় এবার ৩২৯ জন সাজাপ্রাপ্ত আসামি মুক্তি পেয়েছেন। বগুড়া থেকে ক্ষমা পেয়েছেন একমাত্র আবু সাঈদ।

বগুড়া জেলখানা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে নওগাঁ জেলার বদলগাছির ঢেকড়া এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলা আসামি তিনি। ঘটনার ১৫ দিন পর গ্রেফতার হোন। এ মামলায় সেসময় আরও তিনজন গ্রেফতার হয়। তারপর ২০০৩ সালের ২৩ নভেম্বর নওগাঁ জেলা দায়রা জজ আদালতে রায় হয় মামলার। রায়ে ১ জনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন সাজা হয় ও একজন খালাস পায়।

হত্যার মামলার ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকে আবু সাঈদ বগুড়া জেলখানায় রয়েছেন প্রায় ২২ বছর ধরে। আবু সাঈদ ২৭ বছর বয়সে বগুড়া জেলাখানায় আসেন। এখন তার বয়স ৪৯ বছর। আবু সাঈদ যখন জেলখানায় আসেন তখন তার ছোট এক ছেলে ও এক মেয়ে ছিল। এখন তারা বিয়ে করে নিজ সংসারে মনোযোগী।

মুক্তি পেয়ে আনন্দিত আবু সাঈদ বলেন, ‘মনে হচ্ছে নতুন জীবন পেলাম। জানি না কোন ভাল কাজের জন্য সরকার আমাকে মুক্তি দিল। প্রায় ২২ বছর ধরে চারদেয়ালের মাঝে বন্দি। ভেবেছিলাম জীবনটা হয়তো চারদেয়ালের মাঝেই শেষ হয়ে যাবে। মৃত্যুর আগে হয়তো আর পরিবারের কাছে ফিরতে পারবো না। জেলখানার চারদেয়াল হয়েছিল জীবনের সঙ্গী। জেলখানায় কতজনকে আসতে আর যেতে দেখেছি তার হিসাব নেই। অনেকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সরকারের বিশেষ ক্ষমায় আজ মুক্তি পেয়ে আবার বাড়ি ফিরতে পারছি। প্রায় ২২ বছর পর আবার পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে। আবার পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। জীবনের বাকিটা সময় স্বাভাবিক ও সুস্থভাবে জীবনযাপন করতে চাই।


আবু সাঈদকে নিতে তার ছোটবোন দুলালী ও দুলালীর ছোট ছেলেও এসেছেন। ভাইকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুলালী। দুলালী বলেন, আমার ছোট বেলার সকল আবদার পূরণ করতেন ভাই। ছোট বেলায় আমাকে তুলে খাওয়াতেন। হঠাৎ করেই ভাই নেই। পরে জানতে পারি হত্যা মামলায় ভাই জেলখানায় বন্দি। সেই থেকে ভাইকে আর কাছে পাইনি। আজ ভাইকে কাছে পেয়েছি। আমার ভাই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। সকলের কাছে আমি দোয়া চাই আমার ভাইয়ের জন্য।

বগুড়া জেলখানার জেলার শরিফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ ক্ষমায় এবার সারাদেশে সাজাপ্রাপ্ত ৩২৯ জনকে বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। বগুড়া জেলখানা থেকে একজন বন্দি মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু সাঈদ (৪৯)। বগুড়া জেলখানায় প্রায় ২২ বছর ধরে বন্দি ছিলেন। তার কাজকর্ম খুব ভাল। তার প্রতি যে সব কাজ দেয়া থাকে তা সে নিজের দায়িত্ব মনে করে সম্পন্ন করতেন। আবু সাঈদ এতদিন ধরে জেলখানায় রয়েছে তার নামে কোন প্রকার ঝামেলার কথা শোনা যায়নি।