কভিডের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন রুট দিয়ে নতুন করে পর্যটক ভিসা ইস্যু শুরু হয়েছে। কিন্তু ভারত যাত্রী গ্রহণ না করায় এখনো এ পথ দিয়ে কোনো পাসপোর্টধারী বাংলাদেশ থেকে যেতে পারছেন না। অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে গিয়ে এ পথে দেশে ফিরতে পারছেন পাসপোর্টধারীরা।
ভারতে ভ্রমণে যাওয়ার জন্য হিলি ইমিগ্রেশেন চেকপোস্টে আসা পর্যটক মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন আমি পর্যটক ভিসার জন্য আবেদন করে আসছিলাম; কিন্তু এতদিন তা দেয়া হয়নি। গত ৩১ মার্চ সর্বশেষ আবারো আবেদন করি, এর পরে গত ৭ এপ্রিল রংপুরের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে আমাকে পর্যটক ভিসা দেয়া হয়। সেই সঙ্গে ভিসায় পথ হিসেবে হিলি উল্লেখ করা হয়েছে। কিন্তু সে মোতাবেক আমি ভারতে যাওয়ার জন্য শুক্রবার হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এলে কর্তৃপক্ষ বলছে এ পথ দিয়ে ভারতে যাওয়া যাবে না। ভারত যাত্রী নিচ্ছে না, যার কারণে এখনো এই পথ দিয়ে যাওয়া সম্ভব নয়। আমি ভারতে যাওয়ার জন্য ট্রেনের টিকিটসহ সবকিছু ঠিক করে নিয়েছিলাম। এখন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
ভারতে যাওয়ার জন্য আসা তোফাজ্জল হোসেন বলেন, আমি এরই মধ্যে হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার জন্য পর্যটক ভিসা পেয়েছি। সব প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে এসে শুনি এ পথ নাকি বন্ধ। এটি এখনো চালু হয়নি। যদি নাই চালু হয়, তাহলে আমাদের ভিসা দিল কেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর গত বছরের ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। সে সময় শুধু ভারত থেকে আগমনী যাত্রী দেশে আসা শুরু হয়, এখন পর্যন্ত সেই কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি হিলি রুটে ভিসা দেয়া শুরু করলেও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করতে অনীহা প্রকাশ করায় এ পথ দিয়ে যাত্রী বহির্গমন প্রক্রিয়া শুরু হয়নি। আমাদের দিক থেকে যাত্রী বহির্গমনের বিষয়ে কোনো বিধিনিষেধ নেই।










