ঘন কুয়াশার কারণে বরিশালের কীর্তনখোলা ও চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। এতে দুটি লঞ্চের অন্তত ১৩ যাত্রী কম-বেশি আহত হয়েছে। এছাড়া রীনা বেগম (৩০) নামের এক যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাতে ও গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে, নদীবন্দর ত্যাগ করে রসুলপুরের চর অতিক্রম করার সময় এমভি অ্যাডভেঞ্চার-১ লঞ্চের সঙ্গে এমভি চন্দ্রদ্বীপের সংঘর্ষ হয়েছে। এতে চন্দ্রদ্বীপ লঞ্চের ১২ যাত্রী কম-বেশি আহত হয়েছেন। এমভি অ্যাডভেঞ্চার-১ তেমন একটা ক্ষতিগ্রস্ত না হলেও চন্দ্রদ্বীপ লঞ্চের সামনের ডান পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে।
এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মাস্টার মো. মিলন জানান, দুর্ঘটনার সময় ৫০ জনের মতো যাত্রী ছিল লঞ্চটিতে, যাদের অন্য একটি লঞ্চে তুলে দেয়া হয়েছে। তাদের লঞ্চের যাত্রা বাতিল করে বরিশাল নদীবন্দরে নোঙর করে রাখা হয়েছে। মেরামতের জন্য ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। যে কজন আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। দুর্ঘটনার পর এমভি অ্যাডভেঞ্চার-১ ও এমভি চন্দ্রদ্বীপ লঞ্চ দুটি বরিশাল নদীবন্দরে নোঙর করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে, চাঁদপুরের মেঘনা নদীতে কার্গোর ধাক্কায় বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের তলা ফেটে গেছে। এ সময় লঞ্চটি একটি চরে আটকা পড়ে। লঞ্চের এক যাত্রী রীনা বেগম (৩০) নিখোঁজ রয়েছেন। এছাড়া অন্য এক যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব-উত্তর উপজেলার আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারী রীনা বেগম পিরোজপুর জেলার পারেরহাট সংকরপাশা এলাকার মো. ওয়ালি উল্লাহর স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনই লঞ্চে ছিলেন।
ধাক্কা দেয়া কার্গো জাহাজটি দ্রুত চলে যায় বলে জানিয়েছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। তিনি জানান, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর এবং মোহনপুর নৌ-পুলিশ কাজ করে। তবে ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা ব্যাহত হয়েছে।
চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক যাত্রী নিখোঁজ এবং অন্য এক যাত্রী আহত হয়েছে। আহত যাত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাকবলিত সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তারা লঞ্চটিকে নিরাপদে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় চরে ভিড়িয়ে দেন। এর মধ্যে রাত ৪টার দিকে ডেক এবং প্রথম শ্রেণীর ২৫০ যাত্রী এমভি সুন্দরবন-১৫ বরিশালের উদ্দেশে নিয়ে গেছে।
চাঁদপুর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার পর থেকে যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।










