বরিশালে এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে গতকাল সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাপাতালে পাঠায় নৌ-পুলিশ। নিহত ওই যুবকের নাম শামীম হাওলাদার। তিনি নারায়ণগঞ্জের আবীর ফ্যাশন নামে একটি গার্মেন্টসে কাজ করতেন। বাড়ি ঝালকাঠি জেলার নলছিটিতে।
সুন্দরবন-১১ নামের লঞ্চটি গত সোমবার রাত ৯টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে গতকাল সকালে বরিশাল নদীবন্দরে পৌঁছে।
লঞ্চের ইনচার্জ সিরাজুল ইসলামের বক্তব্য অনুযায়ী, গভীর রাতে তাদের লঞ্চ বরিশালে পৌঁছে। সকালের দিকে তাদের পরিচ্ছন্নতা কর্মীরা যুবকের রক্তাক্ত মরদেহ ছাদে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দিলে তারা আসেন।
তিনি আরো বলেন, শীত শুরু হওয়ার পর যাত্রীসাধারণ ছাদে না যাওয়ার কারণে লঞ্চের স্টাফরাও যান না। এ সুযোগে খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এ ঘটনায় লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব বলেন, তারা নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পেয়েছেন। আঘাতের কারণে পেট থেকে নাড়ি-ভুঁড়ি বের করা ছিল। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর পুরোটা বলা যাবে।










