২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কাওরানবাজার সড়ক অবরোধ করেছেন। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কর্মীরা বলেন, তারা ৫ লাখ টাকা দিয়েও যেতে পারেননি। তারা ড. ইউনূস এর সাক্ষাৎ চান। তারা সবাই ঋণ করে চলছেন। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। চলতি জানুয়ারী মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান তারা।
আন্দোলনে নেতৃত্ব দেয়া মাইন উদ্দীন বাবু বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের আরো কর্মীরা আসছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।

তিনি বলেন, আমরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা আসছে। আজকে আমরা উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্য অপেক্ষা করছি। তারা যদি কেউ এসে আমাদেরকে কার্যকর কোনো পদক্ষেপের আশ্বাস দিতে পারে তাহলে আমরা রাস্তা ছেড়ে দেব। সরকারের কাছে আমাদের পাচঁটি দাবি আছে, সেগুলাে তুলে ধরব উপদেষ্টার কাছে।
দাবিগুলো হলো-
১. ২০২৪ সালের ৩১ মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি, সংখ্যা যতই হোক ২০ হাজার কিংবা ৩০ হাজার সবাইকে নিয়ে যেতে হবে।
২. যাদের ই-ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি, এবং যাদের সব হয়েছে উভয়েই ভুক্তভোগী, সবাই ৫ থেকে ৬ লাখ টাকা দিয়েছে। অতএব সবাইকে নিয়ে যেতে হবে।
৩. আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীকে নিয়ে যেতে হবে।
৪. সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আটকে পড়া কর্মীদের মালোশিয়া নিয়ে যাওয়ার দিন তারিখ নির্ধারণ না করে দেবে ততক্ষণ অবরোধ চলবে।
৫. সকল প্রবাসীদের জন্য রেমিট্যান্স ফাউন্ডেশন গঠন করতে হবে।










