রাজধানীর ভাসানটেকে ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বশেষ শিশু লামিয়ার (৭) মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশু লামিয়ার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মিরপুরের ভাসানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ছয়জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আজ (শুক্রবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে এক শিশু মারা যায়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি বলেন, ‘এ ঘটনায় এর আগে ১৩ এপ্রিল মেহেরুন্নেছা, ১৫ এপ্রিল সূর্য বানু ও ১৬ এপ্রিল লিটন মারা যায়। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। বর্তমানে লিজা ৩০ শতাংশ এবং সুজন ৪৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন’।










