রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন মডেল বঙ্গবন্ধু কর্নার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এটি নির্মাণ করা হয়। ২৬ মার্চের আগেই কর্নারটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরডিএ ভবনের গ্রাউন্ড ফ্লোরে প্রায় সাড়ে ৬ হাজার স্কয়ার ফিট জায়গায় এই মডেল বঙ্গবন্ধু কর্নার গড়ে তোলা হয়েছে। আরডিএ সূত্র জানাচ্ছে, আগামী সোম-মঙ্গলবারের মধ্যেই কর্নারে যুক্ত করা হবে বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস সমৃদ্ধ মূল্যবান ও দুষ্প্রাপ্য বই। এই সময়ে বঙ্গবন্ধুর জীবনঘনিষ্ঠ বেশকিছু আলোকচিত্রও কর্নারে স্থাপন করা হবে। আরো বিভিন্ন ঐতিহাসিক উপকরণে সাজিয়ে তোলা হবে পুরো কর্নার।
আরডিএর প্রকৌশল শাখা সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রথম দফা কোটেশন বিজ্ঞপ্তির মাধ্যমে মডেল বঙ্গবন্ধু কর্নারের দেয়াল এবং জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি স্থাপন করা হয়। পরের ধাপে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি আরেকটি কোটেশন বিজ্ঞপ্তির মাধ্যমে অটোমেশন ডোর এবং কাচের ওপরে ছবি বসানো হয়। তৃতীয় ধাপে আলাদা কোটেশনে বই রাখার র্যাক এবং সিলিংয়ের কাজ করা হয়েছে।
কর্নারটির নির্মাণকাজ তদারকি করেন আরডিএর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল তারিক। তিনি বলেন, এমন সুপরিসর বঙ্গবন্ধু কর্নার রাজশাহীতে একটিও নেই।
জানতে চাইলে আরডিএ চেয়ারম্যান আনওয়ার হোসেন জানান, আগামী ২৬ মার্চের আগেই কর্নারটি খুলে দেয়া হবে।










