হায়দরাবাদে আজ বিশ্বকাপ ম্যাচে লড়বে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলংকা। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে নিরানব্বই ও ছিয়ানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
এ মাঠে পাকিস্তান প্রথম ম্যাচে ৮১ রানে হারায় নেদারল্যান্ডসকে। আর দিল্লিতে শ্রীলংকা প্রথম ম্যাচে বিধ্বস্ত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। প্রোটিয়ারা তিন সেঞ্চুরিতে ৪২৮ রানের সৌধ গড়ার পর লংকানরা ৩২৬ রানে অলআউট হয়ে যায়। আজ পাকিস্তান নামবে দ্বিতীয় জয়ের খোঁজে আর লংকানরা ঘুরে দাঁড়াতে মরিয়া।
দুই দলের সর্বশেষ ম্যাচের ফল অবশ্য প্রেরণা জোগাবে লংকানদের। গত মাসে কলম্বোয় এশিয়া কাপের ম্যাচে ডিএলএস মেথডে পাকিস্তানকে ২ উইকেটে হারায় দাসুন শানাকার দল। কুশল মেন্ডিস ৮৭ বলে ৯১ রান করে শ্রীলংকার জয়ে অবদান রাখেন।
যদিও ওয়ানডে বিশ্বকাপের দ্বৈরথে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে পাকিস্তান জিতেছে সাতটিতে, বাকি এক ম্যাচ ছিল ফলহীন। ১৯৭৫ সালে প্রথমবারের দেখায় লংকানদের ১৯২ রানের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তান। ১৯৮৩ বিশ্বকাপে ১১ রানে ও ৫০ রানে, ১৯৮৭ বিশ্বকাপে ১১৩ ও ১৫ রানে, ১৯৯২ বিশ্বকাপে ৪ উইকেটে এবং ২০১১ বিশ্বকাপে ১১ রানে শ্রীলংকাকে হারায় পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপে দুই দলের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। চার বছর পর আজ আবার বিশ্বকাপের ম্যাচে লড়বে উপমহাদেশের দুই দল।
প্রথম ম্যাচে ডাচদের খুব সহজে হারাতে পারেনি পাকিস্তান। তবু তা বাবর আজমদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আজ তারা আহত সিংহদের বিপক্ষেও পূর্ণ ২ পয়েন্ট তুলে নিতে চাইবে। এ শহরে ১০ দিনেরও বেশি অবস্থান করছে পাকিস্তান। দুটি ওয়ার্মআপসহ বেশকিছু ম্যাচ এরই মধ্যে তারা খেলেছে বলে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছেন বাবর ও তার সতীর্থরা। দর্শক সমর্থনও পাচ্ছেন বেশ।
আইসিসির সহযোগী দেশের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং দলটির জন্য চিন্তার কারণ হতে পারে। ৩৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। এরপর মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ১২০ রানের জুটিতে মান বাঁচে পাকিস্তানের। শেষ পর্যন্ত তারা ২৮৬ রানের পুঁজি পায়। বিশ্বকাপের বাকি অংশে তাই ব্যাটিং নিয়ে কাজ করতে হবে বাবরদের।
প্রোটিয়াদের বিপক্ষে শ্রীলংকার বোলিং নখদন্তহীন ছিল। তাই পেস তারকা মাথিসা পাথিরানা ও ২০ বছর বয়সী স্পিনার দুনিত ভেল্লালাগে চাইবেন স্বরূপে ফিরতে। সিংহলিজদের জন্য আনন্দের খবর, আজ ফিরছেন স্পিনার মহিশ থিকসানা। দলটির সহকারী কোচ নাভিদ নওয়াজ গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘সে এখন ফিট এবং আগামীকাল খেলবে। চিকিৎসকদের পরামর্শে সাবধানতাবশত তাকে প্রথম ম্যাচে খেলানো হয়নি। তবে এখন সে তৈরি।’
প্রোটিয়াদের বিপক্ষে ৪২৯ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে ৪৫তম ওভারে ৩২৬ রান তুলে অলআউট হয় শ্রীলংকা। দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে নওয়াজ বলেন, ‘আপনি যখন ৪২৯ রান তাড়া করবেন তখন কোনো দ্বিধা নেই। আমরা দুর্বার গতিতে ছুটতে চেয়েছি এবং চেয়েছি যেন দু-তিনজন বড় স্কোর পায়। আমরা যেভাবে ছুটেছি একটি দল হিসেবে তাতে খুশি। পুরো টুর্নামেন্টে আমরা যাদের বিপক্ষেই খেলব পজিটিভ থেকে তাদের চ্যালেঞ্জ জানাব—এটিই আমাদের পরিকল্পনা।’










