পার্বত্য জেলা রাঙ্গামাটির বাণিজ্যিক এলাকা রিজার্ভবাজারে কাপ্তাই লেকতীরবর্তী পাঁচটি দোকান ধসে পড়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় রিজার্ভবাজার এলাকার শহীদ আব্দুল আলী একাডেমি এলাকায় ঘটনাটি ঘটে।
করোনার প্রকোপ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ পালনের আওতাধীন দোকানপাটগুলো বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া শুষ্ক মৌসুমের কারণে কাপ্তাই লেকতীরবর্তী হয়েও পানি থেকে অনেক দূরত্বে ধসে পড়ায় মালপত্রের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে বিকট শব্দে পাঁচটি দোকান ধসে পড়ে। মূলত কয়েকদিনে রাঙ্গামাটিতে মুষলধারে বৃষ্টিপাতে এসব টং দোকানের খুঁটির নিচের মাটি নরম হয়ে পড়ে এবং পুরনো স্থাপনার কারণে দোকানের ভিতও ছিল অনেকটা নড়বড়ে, এ কারণে ধসের ঘটনাটি ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাঙ্গামাটি কার্যালয়ের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বণিক বার্তাকে জানান, আমরা খবর শুনে দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসি এবং উদ্ধার অভিযানে অংশ নিই।










