যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে তা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার কথা। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল।

একাধিক পরীক্ষার্থীর তথ্য অনুযায়ী, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ ছড়িয়ে পড়ে। এদিন পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করে। দায়িত্বরত শিক্ষকরা উপস্থিত হলেও ১০ টা ৪৫ মিনিটে পরীক্ষা স্থগিত ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর।

এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান বণিক বার্তাকে বলেন, অনিবার্য কারণবশত পরিক্ষা স্থগিত করা হয়েছে। আমাদের মিটিং চলছে। দুই থেকে তিনদিনের মধ্যে পরর্বতী পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এটি নিয়ে আমরা আলোচনা করছি।