বাগেরহাটের মোংলা উপজেলায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), আ. কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)।

নিহত বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা চাঁদপাই মেলা থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বায়েজিদ, জাকারিয়া ও সাকিব। মৌখালি সেতুর কাছে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এরপর সেটা পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা নাঈমা হাসান তিনজনকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাতে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।