ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা দায়িত্বে থাকবেন, তারা গণভোটের পক্ষে বা বিপক্ষে না যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দিতে চাননি আনোয়ারুল ইসলাম সরকার। পরে তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী মাঠ আরও স্বচ্ছ রয়েছে।

কমিশনের ওপর শতভাগ আস্থা রেখেই এবার ভোটকেন্দ্রে আসবে ভোটাররা এবং নির্বাচন ঘিরে সব আশঙ্কা কাটিয়ে উঠতে সক্ষম হবে ইসি—বলেও জানান তিনি।

এদিকে ইসি জানায়, সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এছাড়া ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে এবং ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। এছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

সালীম আহমাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে ও প্রবাসী মিলিয়ে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।