প্রক্টরিয়াল টিমে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। একইসঙ্গে ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেয়া হয়েছে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে। প্রক্টর ও ছাত্র কল্যাণ উপদেষ্টা পদে পরিবর্তন আনার পর আজ বুধবার নতুন করে এই পরিবর্তন আসে।
তবে শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবি উপাচার্য অধ্যাপক ফরিদ
উদ্দিন আহমেদের পদত্যাগ ইস্যুটি এখনো সুরাহা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে থেকে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
গতমাসে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের
পুরো প্রক্টরিয়াল বডিসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত সকলের অপসারণ দাবি করে আসছেন শাবিপ্রবির
আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
ড. আলমগীর কবিরকে সরিয়ে নেয়া হয়। এর আগে সরানো হয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক
অধ্যাপক জহির উদ্দিন আহমদকে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের পর গতকাল মঙ্গলবার
থেকে শাবিপ্রবিতে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।










