৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবযোগদানকৃত ৩২ জন কর্মকর্তার উদ্দেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘রাষ্ট্র আপনাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে রাষ্ট্রেরই প্রয়োজনে— এই উপলব্ধি সবসময় হৃদয়ে ধারণ করতে হবে। অনৈতিক চর্চা পরিহার করে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই হোক আপনাদের অঙ্গীকার।‘

আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামো নির্মাণে অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নতুন ৩২ কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘রাষ্ট্রের অর্থ মানেই জনগণের অর্থ। নির্মাণ কাজে যেকোনো ধরনের অপচয় রোধ করতে হবে এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন প্রকৃত কর্মকর্তার মূল পরিচয়।‘

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, ‘একটি সড়ক বন্ধ থাকলে লাখো মানুষের দুর্ভোগ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। নবীন কর্মকর্তাদের মেধা ও প্রবীণদের অভিজ্ঞতা মিলে সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।‘

অপর বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কর্মকর্তাদের অর্জিত জ্ঞানকে দেশের সেবায় বিলিয়ে দিয়ে সুনাম অর্জনের আহ্বান জানান।

প্রশিক্ষণার্থীদের পক্ষে সহকারী প্রকৌশলী নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম বক্তব্য রাখেন। তারা এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের কথা উল্লেখ করে সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এই সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে নবীন কর্মকর্তাদের প্রশাসনিক কাঠামো, প্রকল্প ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং আর্থিক শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।