বাগেরহাটের মোংলা উপজেলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তব (৪১) নামে এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সোয়া তিনটায় উপজেলার আপাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, অরবিন্দ কুমার ভারতের রাজস্থান রাজ্যের বাসিন্দা। তার বাবার নাম লালন লাল। পাওয়ার ম্যাক প্রজেক্ট লিমিটেড নামে একটি ভারতীয় প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে কাজ করতে এসেছিলেন তিনি। প্রতিষ্ঠানটির হিসাব শাখার সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত অরবিন্দ চার সহকর্মীর সঙ্গে আপাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থলেই অরবিন্দের মরদেহ ঝুলছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। তিনি বলেন, নিহতের দেহে আঘাতের চিহ্ণ ছিল না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।