নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মহাসড়কের পাচরুখী এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এসময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। ভাংচুর করা হয় বিআরটিসির একটি বাসসহ বেশ কিছু যানবাহন। এতে প্রায় ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে আড়াইহাজার থানা পুলিশ উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়। এসময়৷ পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। অভিযোগ উঠেছে, কুপিয়ে জখম করা হয়েছে পুলিশের দুই কনস্টেবলকে।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। তারা টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুড়ে বিএনপি নেতাকর্মীদের হটিয়ে দেয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা দায়িত্বরত পুলিশের ওপর চড়াও হয়। বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আমাদের দুজন সদস্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা। 

এসময় একটি গাড়ি ভাংচুর করা হয়, সড়কে আগুন দেয়া হয়। পরে পুলিশ এসে ধাওয়া দিলে বিএনপির নেতাকর্মীরা দ্রুত মহাসড়ক থেকে সটকে পরে। সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে বন্দরের মদনপুর দেওয়ানবাগ গেট এলাকায় দুটি পিকআপ ভ্যান ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ একদল যুবক এসে মহাসড়কে চলাচলরত যানবাহনে ইটপাটকেল ছুড়ে ও ভাংচুর শুরু করে।